
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলার ৪ নম্বর মৌগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন মুফতি মাইনুল ইসলাম বেলালী। তাঁর প্রচারপত্রে ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, কৃষি, যুবসমাজ ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে ১০ দফা অঙ্গীকার তুলে ধরা হয়েছে। পাশাপাশি স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্যোগের অংশ হিসেবে তাঁর সার্বিক তত্ত্বাবধানে মৌগাছি উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী খাসি কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
মুফতি মাইনুল ইসলাম বেলালী বলেন, “মানুষের সেবা করাই আমার রাজনীতি, মানুষের কল্যাণই আমার একমাত্র লক্ষ্য।” তিনি একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ মৌগাছি ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
১০ দফায় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি
মাইনুল ইসলাম বেলালীর ঘোষিত অঙ্গীকারের প্রথমেই রয়েছে ইউনিয়নের সব নাগরিকের জন্য সমান সেবা নিশ্চিত করার বিষয়টি। তাঁর প্রচারপত্র অনুযায়ী, দল-মত নির্বিশেষে নাগরিকদের স্বচ্ছ, নিরপেক্ষ ও হয়রানিমুক্ত সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
দ্বিতীয় দফায় রয়েছে ভাতা ও সরকারি সুবিধা বিতরণে স্বচ্ছতা। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণির প্রকৃত উপকারভোগীর তালিকা সঠিকভাবে প্রণয়ন এবং সরকারি সহায়তা যথাযথ ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
তৃতীয় অঙ্গীকারে গুরুত্ব পেয়েছে রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থা। ইউনিয়নের কাঁচা ও ভাঙা রাস্তা পর্যায়ক্রমে সংস্কার এবং গ্রাম থেকে বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত সহজ করার কথা বলা হয়েছে।
চতুর্থ দফায় নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের কথা রয়েছে। নতুন নলকূপ স্থাপন, ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থী।
শিক্ষাকে পঞ্চম অগ্রাধিকার হিসেবে তুলে ধরে স্কুল, মাদ্রাসা ও মক্তবের শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতা এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার কথা বলা হয়েছে।
ষষ্ঠ দফায় যুবসমাজকে ঘিরে বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে। খেলাধুলার মাঠ ও ক্রীড়া কার্যক্রমে সহযোগিতার পাশাপাশি তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে উদ্যোগ নেওয়ার কথা রয়েছে।
সপ্তম অঙ্গীকারে কৃষক ও শ্রমজীবী মানুষের বিষয়টি গুরুত্ব পেয়েছে। কৃষি সহায়তা, সেচ ও কৃষিপণ্য বাজারজাতকরণসংক্রান্ত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
অষ্টম দফায় নারী ও পরিবারকল্যাণকে গুরুত্ব দেওয়া হয়েছে। নারীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি অসহায় পরিবারের পাশে থাকার কথা বলা হয়েছে।
নবম দফায় সামাজিক নিরাপত্তা ও সালিশ ব্যবস্থার কথা তুলে ধরা হয়েছে। পারিবারিক ও সামাজিক বিরোধে ন্যায়সংগত সালিশ এবং শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি রয়েছে।
সবশেষে রয়েছে জবাবদিহিতা ও স্বচ্ছতার অঙ্গীকার। প্রচারপত্রে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং পরিষদের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে নিয়মিত অবহিত করার কথা বলা হয়েছে।
প্রচারণার সঙ্গে খেলাধুলার আয়োজন
এদিকে চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি মাইনুল ইসলাম বেলালীর সার্বিক তত্ত্বাবধান ও আহ্বানে মৌগাছি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে দুই দিনব্যাপী খাসি কাপ ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌগাছি ইউনিয়ন যুব বিভাগ ও ইসলামী ছাত্রশিবিরের যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
স্থানীয় যুবসমাজের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য জোরদার, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
টুর্নামেন্টকে ঘিরে মৌগাছি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি দেখা যায়। দুই দিনব্যাপী প্রতিযোগিতার সমাপনী দিনে শনিবার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



