
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম
রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল বাজারে নকল এপি (অনুমোদন) নম্বর ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির অভিযোগে মেসার্স ভাই বোন ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ও অনিয়মপূর্ণ বালাইনাশক ধ্বংস করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা কামাল এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা বলেন, “কৃষকদের নিরাপদ কৃষি উপকরণ নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। নকল, ভেজাল বা মেয়াদোত্তীর্ণ কৃষি উপকরণ বিক্রির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন বলেন, ” রেজিস্ট্রেশনবিহীন মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত বালাইনাশক ব্যবহার করলে কৃষকের ফসল যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হয়। কৃষকদের অনুমোদিত ডিলারের কাছ থেকে নিবন্ধিত ও মেয়াদযুক্ত বালাইনাশক কেনার আহ্বান জানাচ্ছি। কোনো অনিয়ম চোখে পড়লে কৃষি বিভাগকে জানাতে অনুরোধ করছি।”


