
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম
রাজশাহীর মোহনপুর উপজেলা-এ কৃষির আধুনিকায়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে ২০২৫-২৬ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স’ (পার্টনার) প্রকল্পের আওতায় এক বর্ণাঢ্য ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল ১০টায় মোহনপুর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোহনপুর এর আয়োজনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি, রাজশাহীর উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন এবং ‘পার্টনার’ প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. আব্দুল লতিফ। মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভ ভৌমিক
কৃষকদের আস্থার কেন্দ্রবিন্দু কামরুল ইসলাম মোহনপুর উপজেলার কৃষি খাতে দৃশ্যমান পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম। তিনি নিয়মিত মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে আধুনিক চাষাবাদ, প্রযুক্তির ব্যবহার এবং সঠিক পরামর্শ প্রদান করে কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন।
তার আন্তরিক প্রচেষ্টায় কৃষকরা অল্প খরচে অধিক ফলন পাচ্ছেন এবং লাভবান হচ্ছেন। কৃষকদের সমস্যা চিহ্নিত করে তাৎক্ষণিক সমাধান দেওয়া, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা এবং নতুন উদ্যোক্তা তৈরিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফলে কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং কৃষি খাত হয়ে উঠছে আরও লাভজনক ও টেকসই।
কৃষির টেকসই উন্নয়নে ‘পার্টনার’ প্রকল্পে বক্তারা বলেন, বিশ্বব্যাংক ও ইফাদের সহযোগিতায় বাস্তবায়িত ‘পার্টনার’ প্রকল্প দেশের কৃষিখাতের টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ পর্যায়ে উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই কংগ্রেস কৃষি সংশ্লিষ্টদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করেছে, যা ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে।
আধুনিক প্রযুক্তির ব্যবহার ও জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থার বিকাশের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশের কৃষিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়েদা সুলতানা, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা বেনজির আহমেদ, পরিসংখ্যান অধিদপ্তরের কর্মকর্তা ফরহাদ রেজা, কৃষি সম্প্রসারণ অফিসার আ. মতিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মাঠকর্মী ও কৃষক প্রতিনিধিরা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি কৃষির উন্নয়ন ও রূপান্তরের নতুন আশার সঞ্চার করেছে। বিশেষ করে উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলামের নেতৃত্বে মোহনপুরে কৃষির যে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে, তা ভবিষ্যতে আরও বৃহৎ সাফল্যের পথ দেখাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


