
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম
রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের কৃষকদের কাছে আস্থা ও নির্ভরতার নাম মেসার্স রহমান ট্রেডার্স। সরকারি নীতিমালা অনুসরণ করে দীর্ঘদিন ধরে কৃষকদের মাঝে সার সরবরাহ করে প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে সুনাম অর্জন করেছে। সার সরবরাহে স্বচ্ছতা, নিয়মিত বিতরণ ও কৃষকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়টি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সুনামের অন্যতম ভিত্তি বলে জানিয়েছেন স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৬৮ সালে মাত্র কয়েকশ টাকা পুঁজি নিয়ে ব্যবসায়িক যাত্রা শুরু করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হাজি আবদুর রহমান। সততা, নিষ্ঠা ও দূরদর্শিতার মাধ্যমে ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়ান তিনি। ১৯৭২-৭৩ সালের দিকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অনুমোদিত সার ডিলার হিসেবে দায়িত্ব পান। পরে ১৯৯৫ সালে মেসার্স রহমান ট্রেডার্স রাজশাহীর প্রথম বিসিআইসি সার ডিলার হিসেবে নিয়োগ পায় বলে প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ব্যবসায়িক স্বচ্ছতা ও সার সরবরাহের ধারাবাহিকতার কারণে একসময় রাজশাহীর বাগমারা, মোহনপুর ও তানোর—এই তিন উপজেলায় সার সরবরাহের দায়িত্ব পায় প্রতিষ্ঠানটি। সারসংকটের সময়েও সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করেছে বলে দাবি প্রতিষ্ঠান-সংশ্লিষ্টদের। একপর্যায়ে জেলার শ্রেষ্ঠ সার ডিলার হিসেবেও পুরস্কার অর্জন করে রহমান ট্রেডার্স।
আশির দশকে হাজি আবদুর রহমান রাজশাহীর অন্যতম বাণিজ্যিক কেন্দ্র কেশরহাটের একজন পরিচিত ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা পান। ব্যবসার পাশাপাশি অন্য উদ্যোক্তাদের আর্থিক ও পরামর্শমূলক সহযোগিতা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও ভূমিকা রাখেন তিনি।
মেসার্স রহমান ট্রেডার্স ছাড়াও রহমান গ্রুপের আওতায় রয়েছে মেসার্স রহমান ফিলিং স্টেশন, মেসার্স কেশরহাট ফিলিং স্টেশন, মেসার্স রহমান ফিস ফিড, মেসার্স রহমান মেডিসিন কর্নার ও মেসার্স রহমান ইলেকট্রনিক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাতা হাজি আবদুর রহমানের মৃত্যুর পর মেসার্স রহমান ট্রেডার্সের দায়িত্ব নেন তাঁর ছেলে মোস্তাফিজুর রহমান। বাবার প্রতিষ্ঠিত ব্যবসায়িক সুনাম ধরে রেখে তিনি সার সরবরাহ কার্যক্রম পরিচালনা করছেন।
রায়ঘাটী ইউনিয়নের হাটরা গ্রামের কৃষক আবদুর রশিদ বলেন, “মরহুম রহমান ডিলারের ছেলে মোস্তাফিজুর রহমানের মাধ্যমে আমরা নিয়মিত সার পাই। কোনো কারণে সার সরবরাহে দেরি হলে তিনি আগেই সম্ভাব্য বিতরণের সময় জানিয়ে দেন। বিষয়টি আমাদের ভালো লাগে। এ কারণে তাঁর প্রতি আমাদের যথেষ্ট আস্থা রয়েছে।”
রায়ঘাটী ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলী বলেন, “মেসার্স রহমান ট্রেডার্স রায়ঘাটী ইউনিয়নের সার ডিলার। ডিলার মোস্তাফিজুর রহমান মুস্তাক নিয়মিত ও সঠিকভাবে কৃষকদের মাঝে সার বিতরণ করছেন। আমরা নিজেরাও সার বিক্রির কার্যক্রম দেখেছি। কৃষকেরা সার পাচ্ছেন। তবে কোথাও অনিয়ম হলে কৃষকদের স্বার্থে আমরা পাশে থাকব।”
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান বলেন, “কৃষকদের নিয়েই আমাদের ব্যবসা। তাঁদের ভালো রাখতে সর্বোচ্চ চেষ্টা করি। সরকারি নীতিমালার বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম ধরে রাখাই আমাদের লক্ষ্য। সুষম বণ্টনের মাধ্যমে সার বিক্রি করে সরকারকে সহযোগিতা করার প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশা আল্লাহ।”
এ বিষয়ে মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, “সরকারি নীতিমালা অনুযায়ী সুষ্ঠুভাবে সার বিতরণ করা হচ্ছে। পর্যাপ্ত সারের বরাদ্দও পাওয়া যাচ্ছে। সবাইকে ধৈর্য ধরে সার গ্রহণের অনুরোধ জানানো হচ্ছে।”

