
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম
রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষির উন্নয়ন ও আধুনিকায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন। তিনি মাঠপর্যায়ে কৃষকদের পাশে থেকে আধুনিক প্রযুক্তি, উন্নত কৃষি পদ্ধতি ও প্রয়োজনীয় সেবা পৌঁছে দিয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কৃষি ও কৃষকের মধ্যে সেতুবন্ধন হিসেবে আব্দুল মতিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি নিয়মিতভাবে মাঠে গিয়ে কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন এবং তাদের সমস্যা সরেজমিনে পরিদর্শন করে তাৎক্ষণিক সমাধান ও দিকনির্দেশনা প্রদান করেন। কোন ফসল কখন এবং কীভাবে চাষ করতে হবে, কীটনাশক ব্যবহারের সঠিক নিয়ম—এসব বিষয়ে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরামর্শ দিয়ে থাকেন।
এছাড়া নতুন জাতের ফসল সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া, আধুনিক কৃষি প্রযুক্তি হাতে-কলমে শেখানো এবং সরকারি কৃষি প্রকল্পসমূহ মাঠপর্যায়ে বাস্তবায়নে তার ভূমিকা প্রশংসনীয়। টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শুধু অফিসিয়াল দায়িত্বেই সীমাবদ্ধ নন আব্দুল মতিন। অবসর বা ছুটির দিনেও তিনি কৃষকদের জন্য সময় দেন। তিনি বাংলা ও ইংরেজি ভাষায় বিভিন্ন কৃষিভিত্তিক ভিডিও কনটেন্ট তৈরি করেন। লিচুর গন্ধী পোকা দমন, সঠিকভাবে স্প্রে করার নিয়ম, বস্তায় আদা চাষসহ নানা বিষয় নিয়ে তার তৈরি ভিডিওগুলো কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
মানবিক দিক থেকেও তিনি সমানভাবে সচেতন। কৃষকদের সমস্যা শুনে তা সমাধানের জন্য সর্বোচ্চ গুরুত্ব দেন এবং আধুনিক স্মার্ট কৃষি সম্প্রসারণে নিজেকে নিবেদিত রেখেছেন। গবেষণামূলক মনোভাব নিয়ে তিনি প্রতিনিয়ত নতুন নতুন কৃষি পদ্ধতি নিয়ে কাজ করছেন।
স্থানীয় কৃষকদের মতে, আব্দুল মতিনের আন্তরিকতা ও পরিশ্রমের ফলে কৃষিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। তার মতো দায়িত্বশীল ও কর্মঠ কর্মকর্তা কৃষি খাতের জন্য রহমত স্বরূপ।
মোহনপুরে কৃষির উন্নয়নে আব্দুল মতিনের এ উদ্যোগ ভবিষ্যতে আরও বড় সাফল্য বয়ে আনবে এমনটাই প্রত্যাশা সবার।


