
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সিএসই অ্যাপ্লায়েড কম্পিউটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে LaunchPad AI Hackathon 2026। গত ২০ আগস্ট দিনব্যাপী এ প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশ নেন শিক্ষার্থীরা। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় মোট ৯৩টি দল অংশ নেয়। এর মধ্যে এআই হ্যাকাথন বিভাগে ৭৪টি দল এবং গবেষণা হ্যাকাথন বিভাগে ১৯টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোর সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও প্রকল্পের মান বিবেচনায় দুটি বিভাগে মোট ৮টি দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

এআই হ্যাকাথনে সেরা ৪ দল: এআই হ্যাকাথন বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে Algonox। প্রথম রানারআপ হয়েছে LazyCoder এবং দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছে Margin Makers। এছাড়া সেরা এআই উদ্ভাবন পুরস্কার পেয়েছে Bit Bytes।
গবেষণা হ্যাকাথনে সেরা ৪ দল: গবেষণা হ্যাকাথন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে Beyond Baseline। প্রথম রানারআপ নির্বাচিত হয়েছে NeuroNova_VU এবং দ্বিতীয় রানারআপ হয়েছে Team DigiBit। এ বিভাগে সেরা এআই উদ্ভাবন পুরস্কার অর্জন করেছে The Hypothesis।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল মুহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.) এবং নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ।
এ সময় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক উম্মে রুম্মান উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান ও সুমাইয়া রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিভাগের শিক্ষকরা প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে বিচারকের দায়িত্ব পালন করেন। অংশগ্রহণকারী দলগুলোর প্রকল্প মূল্যায়নসহ প্রতিযোগিতার বিভিন্ন ধাপ সম্পন্ন করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
LaunchPad AI Hackathon 2026 আয়োজনের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সিনিয়র লেকচারার মো. মাহফুজুর রহমান এবং লেকচারার মো. নূর নবী। মো. নূর নবী সিএসই অ্যাপ্লায়েড কম্পিউটিং ক্লাবের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আয়োজকরা জানান, বড় পরিসরে এ হ্যাকাথন সফলভাবে আয়োজনের পেছনে সিএসই অ্যাপ্লায়েড কম্পিউটিং ক্লাবের সব কমিটি সদস্যের নিরলস পরিশ্রম, সময় ও আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আয়োজনটি সফলভাবে সম্পন্ন করায় ক্লাবের সব কমিটি সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
একই সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দলের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ, উদ্ভাবনী চিন্তা ও কঠোর পরিশ্রমের ফলেই LaunchPad AI Hackathon 2026 সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে বলে জানান আয়োজকরা।
আয়োজকদের মতে, LaunchPad AI Hackathon 2026-এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা, উদ্ভাবন এবং বাস্তব জীবনের সমস্যা সমাধানের প্রতি আগ্রহ আরও বাড়বে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধান ও উদ্ভাবনী প্রকল্প তৈরিতে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।


