
মিসরের বিপক্ষে গত সপ্তাহে প্রীতি ম্যাচে গ্যালারি থেকে মুসলিমবিরোধী স্লোগান ভেসে আসার ঘটনায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে তদন্ত শুরু করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে স্পেনের একদল সমর্থক ‘যদি তুমি না লাফাও, তবে তুমি মুসলিম’—এমন বিতর্কিত ও বিদ্বেষমূলক স্লোগান দেন। ঘটনার পর ফিফা ভিডিও ফুটেজ পরীক্ষা এবং ম্যাচ রেফারি ও নিরাপত্তা দলের প্রতিবেদন পর্যালোচনা করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেয়। স্প্যানিশ ফেডারেশনকে বড় অঙ্কের জরিমানা কিংবা স্টেডিয়াম দর্শকশূন্য রাখার মতো শাস্তি দেওয়া হতে পারে বলে জানিয়েছে ইএসপিএন।
ফিফার এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে ইএসপিএনকে বলেন, ‘মিসরের বিপক্ষ প্রীতি ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আরএফইএফের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।’ শুধু তা–ই নয়, ‘ইসলামবিরোধী ও বর্ণবাদী’ স্লোগানের বিষয়টি তদন্ত করে দেখছে বার্সেলোনার স্থানীয় পুলিশও।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আরএফইএফ সভাপতি রাফায়েল লুজান এবং স্পেন জাতীয় দলের কোচ লুই দে লা ফুয়েন্তে। তবে এ বিষয়ে সম্ভবত সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন স্পেন ও বার্সেলোনার তারকা লামিনে ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সী এই তারকা দুই বছর আগে স্পেনের ইউরো জয়ে বড় ভূমিকা রাখেন এবং ২০২৬ বিশ্বকাপেও অন্যতম ভরসা।


