
ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৃথক দুটি স্থানে দুর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে ত্রিশাল পৌরশহরের দরিরামপুর সাইফুল কমিশনারের বাড়ির সামনে মহাসড়কের ঢাকাগামী লেনের ইউটার্নে দুর্ঘটনাটি ঘটে। নিহত মার্জিয়া খাতুন ভ্যানগাড়ির পেছন থেকে অসাবধানতাবশত পড়ে গেলে পেছন দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে, ভোর সাড়ে ৫টার দিকে ত্রিশাল থানার সামনে বৈলর দারুত তাকওয়া হিফজ মাদরাসার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে আরেকটি দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা অজ্ঞাতনামা একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, শহিদুল দীর্ঘদিন ধরে বৈলর এলাকার শ্বশুরবাড়িতে আব্দুল কদ্দুসের বাড়িতে বসবাস করছিলেন। পেশায় তিনি দিনমজুর ছিলেন।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) সবুজ জানান, দুটি ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মার্জিয়া খাতুনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে শহিদুলের মরদেহ এখনও থানা পুলিশের হেফাজতে রয়েছে।



