
নিজস্ব প্রতিবেদক
দেশের দ্রুত সম্প্রসারিত মডার্ন ট্রেড বা সুপারশপভিত্তিক বাজারে নিজেদের পরিসর বাড়াচ্ছে ভোগ্যপণ্য ও কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার সুপারশপ ও আধুনিক খুচরা বিক্রয়কেন্দ্রে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের উপস্থিতি বাড়ছে।

রিমার্কের লিলি, অরিক্স, একনল, সানবিট, টাইলক্স, নিওর, সিওডিল ও স্কিন মিন্টসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বর্তমানে মডার্ন ট্রেড চ্যানেলে বিক্রি হচ্ছে। ব্যক্তিগত পরিচর্যা, স্কিন কেয়ার, হোম কেয়ার, হেয়ার কেয়ার ও কসমেটিকস—বিভিন্ন ক্যাটাগরির পণ্য নিয়ে এ বাজারে কার্যক্রম বিস্তৃত করছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে লিলি বডিওয়াশকে প্রতিষ্ঠানটির বেস্টসেলিং পণ্যগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, মানুষের কেনাকাটার ধরন পরিবর্তনের সঙ্গে দেশে সুপারশপ ও মডার্ন ট্রেডের পরিধিও বাড়ছে। এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও পণ্যের বৈচিত্র্য, পণ্যের মান, সহজলভ্যতা এবং ক্রেতার আস্থা—এসব বিষয় আধুনিক খুচরা বাজারে প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে। এ কারণে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্যও এ চ্যানেল নতুন বাজার তৈরির সুযোগ তৈরি করছে।
রিমার্কের মডার্ন ট্রেড চ্যানেলের হেড অব সেলস হেলাল উদ্দিন বলেন, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে এ চ্যানেলে তাদের বিক্রয় কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি বলেন, এ অর্জন কোনো একক ব্যক্তি বা বিভাগের নয়; পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল।
তিনি বলেন, ‘আমাদের কাছে সবচেয়ে বড় অর্জন হলো ক্রেতাদের আস্থা অর্জন করা। রিমার্ক শুধু পণ্য বিক্রি করতে চায় না; মানসম্মত ও নির্ভরযোগ্য পণ্যের মাধ্যমে ক্রেতাদের দীর্ঘমেয়াদি আস্থা তৈরি করতে চায়।’
হেলাল উদ্দিন আরও বলেন, চলতি বছরের বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি তা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। এ জন্য মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সুপারশপগুলোতে পণ্যের উপস্থিতি ও ডিসপ্লে বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
রিমার্কের কর্মকর্তারা জানান, মডার্ন ট্রেড চ্যানেলের মাধ্যমে স্বপ্ন, আগোরা, মীনা বাজার, ইউনিমার্ট, বেস্টবাই, প্রিন্স বাজার, আলফা মার্ট, মুস্তফা মার্ট ও আপন ফ্যামিলি মার্টসহ বিভিন্ন সুপারশপে প্রতিষ্ঠানটির পণ্য বিক্রি হচ্ছে। এসব বিক্রয়কেন্দ্রে নির্দিষ্ট জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের পণ্য প্রদর্শন করা হচ্ছে।
দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি
দেশীয় বাজারের পাশাপাশি রিমার্কের তৈরি পণ্য যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভারতসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে রপ্তানি ও বাজারজাত হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে দেশীয় উৎপাদন সক্ষমতা ও বাংলাদেশের তৈরি পণ্যকে আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
রিমার্কের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিএসটিআইয়ের হালাল ও সিজিএমপি সার্টিফিকেশন অর্জন করেছে প্রতিষ্ঠানটি। পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ও পেয়েছে রিমার্ক।
সেলস মিটে সেরা পাঁচজনকে সম্মাননা
এদিকে মডার্ন ট্রেড চ্যানেলের বিক্রয় কার্যক্রম, প্রবৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় সেলস মিট অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যানেলের দুই শতাধিক কী-অ্যাকাউন্টস ম্যানেজার, এরিয়া ম্যানেজার, মার্চেন্ডাইজার ও ব্র্যান্ড প্রোমোটর অংশ নেন।
অনুষ্ঠানে বিক্রয় কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কর্মীদের পারফরম্যান্স নিয়ে আলোচনা করা হয়। বক্তব্য দেন মডার্ন ট্রেডের হেড অব সেলস হেলাল উদ্দিন, কী-অ্যাকাউন্টস ম্যানেজার ইয়ামিন শিকদার ও সাইফুল ইসলাম, অপারেশন ম্যানেজার রাশেদুল ইসলাম এবং মানবসম্পদ বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মাহারুন নেসা লিজা।
সেলস পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে অনুষ্ঠানে পাঁচজনকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন—কুমিল্লা স্মার্ট বিগ বাজারের হাফসা আক্তার, গাজীপুরের মাওনা স্বপ্নের ফারহানা আক্তার, নারায়ণগঞ্জ বন্দরের স্বপ্নের শ্রাবণী সাহা, ঢাকার মিরপুর রিংরোড স্বপ্নের সুমাইয়া ইসলাম মিতু এবং বগুড়া মালতিনগর স্বপ্নের হালিমা খাতুন নদী।
সম্মাননা পাওয়া ব্র্যান্ড প্রোমোটর শ্রাবণী সাহা বলেন, ক্রেতারা রিমার্কের পণ্য ব্যবহারের পর ইতিবাচক অভিজ্ঞতা জানালে সেটিই তাঁদের কাজের বড় প্রেরণা। তাঁর ভাষ্য, প্রথমবার পণ্য নেওয়ার পর অনেক ক্রেতাকে পরবর্তী সময়ে আবার একই পণ্য কিনতে দেখা যায়। ক্রেতাদের এই আস্থাই তাঁদের কাজের উৎসাহ বাড়ায়।


