
বিপদগ্রস্ত ও নির্যাতনের শিকার শিশুদের পুলিশের কাছে আসার পর ভয় দেখিয়ে নয়, বরং আস্থার পরিবেশ তৈরি করে তাদের কথা শোনা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শিশুর মনে নিরাপত্তাবোধ তৈরি করতে পারলে তারা নির্ভয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে পারবে—এতে প্রকৃত ঘটনা উদঘাটন ও প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বুধবার (১৯ আগস্ট) রাজশাহী পুলিশ লাইন্সের পিওএম কনফারেন্স রুমে পুলিশ কর্মকর্তাদের জন্য আয়োজিত মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণে এসব বিষয় উঠে আসে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে বিশেষভাবে শিশুদের সঙ্গে পুলিশের আচরণ, ট্রমার প্রভাব, নিরাপদ যোগাযোগ, কাউন্সেলিং এবং মনো-সামাজিক সহায়তার কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষকদের মতে, নির্যাতনের শিকার একটি শিশু অনেক সময় ভয়, লজ্জা, অপরাধবোধ কিংবা মানসিক চাপের কারণে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রকাশ করতে পারে না। এমন পরিস্থিতিতে পুলিশের আচরণ শিশুর জন্য সহায়ক না হয়ে ভীতিকর হলে সত্য ঘটনা জানা আরও কঠিন হয়ে পড়ে।
প্রশিক্ষণের উদ্বোধন করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, ‘বিপদগ্রস্ত বা নির্যাতনের শিকার কোনো শিশু পুলিশের কাছে এলে তার সঙ্গে আচরণের ক্ষেত্রে ভয় নয়, আস্থা তৈরি করতে হবে। শিশুর মনে নিরাপত্তাবোধ তৈরি করতে পারলে সে নিজের কথা সহজে বলতে পারবে এবং প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে। তাই শিশুদের সঙ্গে কাজ করা পুলিশ কর্মকর্তাদের মানবিক, ধৈর্যশীল ও সংবেদনশীল হওয়ার বিকল্প নেই।’
দিনব্যাপী প্রশিক্ষণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর মুরশিদা ফেরদৌস বিনতে হাবিব শিশুদের মানসিক বিকাশ, ট্রমার প্রভাব, ভিকটিম শিশুর আচরণগত পরিবর্তন, নিরাপদ যোগাযোগ এবং মনো-সামাজিক সহায়তার বিভিন্ন কৌশল তুলে ধরেন। পাশাপাশি শিশু আইন-২০১৩-এর আলোকে শিশু সুরক্ষা, ভিকটিম শিশুর মানসিক অবস্থা বোঝা এবং কার্যকর কাউন্সেলিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা, রাজপাড়া, বোয়ালিয়া, মতিহার, চন্দ্রিমা ও শাহমখদুম থানার নারী ও শিশু হেল্প ডেস্কের কর্মকর্তা, এএসআই, এসআই ও ইন্সপেক্টর পদমর্যাদার ৩০ জন এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের পাঁচজন কর্মকর্তা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম। তিনি জানান, শিশু আইন-২০১৩-এর আলোকে শিশু সুরক্ষা নিশ্চিত করতে থানা নারী ও শিশু হেল্প ডেস্কের সঙ্গে ‘সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন’ ইন্টারফেস মিটিংয়ের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এডিপির প্রোগ্রাম অফিসার রিপন হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন ও উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহীর সিনিয়র প্রোগ্রাম অফিসার নীলু বেগম, প্রোগ্রাম অফিসার ফিলিপ আরিন্দা, জুনিয়র প্রোগ্রাম অফিসার মোসা. শারমিন সুরভী আক্তার ও অর্জুন রায়সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


