
নিজস্ব প্রতিবেদক
১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহী-জনতার বিপ্লবের লক্ষ্য ও প্রেরণা ধারণ করে জাতীয় সংহতি প্রতিষ্ঠা, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক এবং কোষাধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন খোন্দকার। পরে দিবসটির ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপাচার্য।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডা. মো. শাহ আলম, পরিচালক (অর্থ ও হিসাব) মো. নাজিমুদ্দীন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. আব্দুল ওয়াদুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠান শেষে জাতীয় ঐক্য ও সংহতি, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি বিভিন্ন জাতীয় আন্দোলন-সংগ্রামে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে দিবসটি উপলক্ষে রোববার (৮ নভেম্বর) রামেবির উদ্যোগে এতিমদের মধ্যে খাদ্য বিতরণের কর্মসূচি রয়েছে।


