
রাজশাহী মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনব্যবস্থাকে আধুনিক, কার্যকর ও টেকসই করতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যানের তৃতীয় পর্যায়ের প্রকল্পের সমীক্ষা এবং কর্মপরিকল্পনা নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নগর ভবনের সরিৎ দত্ত শুভ নগর সভাকক্ষে রাসিকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের উপদেষ্টা ও সাবেক সচিব ড. এবি আবদুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

সভায় মহানগরীর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে সমীক্ষা কার্যক্রম এবং কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনব্যবস্থাকে আরও আধুনিক ও টেকসই করতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসিম উদ্দিন আরজু, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইটসহ সিটি করপোরেশনের অন্যান্য প্রকৌশলী উপস্থিত ছিলেন।


