
সিদ্দিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
জাতীয় সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং ফ্যাসিবাদী শাসনের চিরতরে অবসান ঘটাতে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির মাধ্যমে নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গোদাগাড়ীর মহিশালবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা গেট এলাকায় এক সমাবেশে মিলিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “বাংলাদেশের জনগণ আর স্বৈরাচারী শক্তির ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে জুলাই সনদের আলোকে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার এবং পিআর পদ্ধতি নিশ্চিত করতে হবে। এতে জনগণের প্রকৃত মতামত অনুযায়ী সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং ফ্যাসিবাদী প্রবণতার পথ বন্ধ হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগেই বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার করতে হবে। প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরিবর্তে গোপনে কেবল একটি দলের সঙ্গে পরামর্শ করে বিতর্কিত নির্বাচনী পদ্ধতির দিকে এগোচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে আর কোনো গড়িমসি চলবে না। এখনো সময় আছে। আগামী পাঁচ মাসের মধ্যেই সনদের সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করে কাঙ্ক্ষিত নির্বাচন ও সংস্কার নিশ্চিত করতে হবে। নইলে হাজারো ছাত্র-জনতার রক্ত বৃথা যাবে ।”

সমাবেশে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমীর নুমায়ন আলী (মাস্টার)। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, পৌর জামায়াতের আমীর আনারুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ এবং রাজশাহী জেলা ছাত্রশিবিরের সভাপতি রেজুয়ানুল ইসলাম।
বক্তারা অবিলম্বে পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং সরকারকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করতে আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দেন।


