
ভর্তি মৌসুমকে কেন্দ্র করে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর রাজশাহী কলেজ শাখা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় তারা গ্রহণ করেছে নানা মানবিক উদ্যোগ।
কলেজ প্রাঙ্গণে আগত পরীক্ষার্থীদের সুবিধার্থে স্থাপন করা হয় তথ্যকেন্দ্র, যেখানে ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করা হয়। পাশাপাশি বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইনের ব্যবস্থা রাখা হয়, যাতে গরমে ক্লান্ত শিক্ষার্থীরা কিছুটা স্বস্তি পায়। অভিভাবকদের জন্য আলাদা বসার ব্যবস্থা হিসেবে তৈরি করা হয় “অভিভাবক ছাউনি”, যা উপস্থিত অনেকের কাছেই প্রশংসিত হয়েছে।
শুধু তাই নয়, ছাত্রশিবিরের কর্মীদের বিভিন্নভাবে শিক্ষার্থীদের সহায়তা করতে দেখা যায়। ভর্তি পরীক্ষা কেন্দ্র খুঁজে পেতে সহায়তা করা, সার্বিক দিকনির্দেশনা প্রদান, এমনকি রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণেও তাদের সক্রিয় ভূমিকা চোখে পড়ে।
এ বিষয়ে কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মোশারফ হোসেন মাহাদীর কাছে জানতে চাইলে তিনি বলেন, “ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের ভর্তি পরীক্ষা উপলক্ষে ছাত্রশিবির তার সর্বোচ্চটুকু দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। আমরা সবসময়ই মানবিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সেবা দিতে আগ্রহী।”
তিনি আরও জানান, ভর্তি কার্যক্রম উপলক্ষে একটি প্রদর্শনীমূলক ব্যানারেরও আয়োজন করা হয়, যেখানে গত এক বছরে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়েছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের এমন সেবামূলক উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক সাড়া ফেলেছে কলেজ ক্যাম্পাসজুড়ে।


