
আব্দুল্লাহ আল শামস, (দুর্গাপুর -রাজশাহী) প্রতিনিধিঃ

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্গাপুর উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও উপকারভোগীদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ। এছাড়া উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব। সমাজসেবার মাধ্যমে আত্মনির্ভরশীলতা গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠান শেষে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ৭ জন এবং একটি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ৩৫ জন উপকারভোগীর মাঝে বিভিন্ন ধরনের ব্যবসা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরা এ সহায়তাকে তাদের জীবনের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হিসেবে দেখছেন বলে জানান।সার্বিকভাবে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানটি সমাজকল্যাণে সরকারি উদ্যোগের ইতিবাচক দিকগুলো তুলে ধরে।


