
দুর্গাপূজার বিসর্জন ঘাটে নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিমা বিসর্জন ঘাটের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে নগরীর মন্নুজান স্কুলের সামনে নির্ধারিত প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করেন তাঁরা। এ সময় ঘাটের প্রস্তুতি, নিরাপত্তা, শৃঙ্খলা, যানবাহন চলাচল ও দর্শনার্থীদের নিরাপত্তাসহ সার্বিক বিষয় পর্যালোচনা করা হয়। বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।
পরিদর্শন শেষে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সিটি করপোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পাশে নিয়ে উৎসবটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার প্রত্যাশা রয়েছে।
তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে প্রশাসন।
বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিমা তৈরি থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভাগীয় পর্যায়ে প্রস্তুতি সভা হয়েছে। সিটি করপোরেশন, আরএমপি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি বলেন, উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করাই প্রশাসনের লক্ষ্য।
আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, দুর্গাপূজা ঘিরে নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরএমপির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। পূজামণ্ডপ ও বিসর্জন ঘাটসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে এসআরবি-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মো. মঞ্জুরুল কবির পিয়াল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মঞ্জিল হক, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু ও সাধারণ সম্পাদক অশোক কুমার সাহাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


