
পুলিশি হামলা ও ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করেছে ‘জুলাই ঐক্যের’ নেতা-কর্মীরা। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে অর্ধশতাধিক নেতা-কর্মী জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হন। এসময় তারা পুলিশি হামলার তীব্র নিন্দা জানান এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
অবরোধের ফলে শাহবাগ দিয়ে ফার্মগেট, মৎস্য ভবন, বাংলামটর ও সায়েন্স ল্যাব অভিমুখী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত, বিক্ষোভকারীরা শাহবাগ মোড়েই অবস্থান করছেন।


