
ফেনীর ফুলগাজীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক বিএনপি নেতা পালিয়ে গেছেন। পলাতক ওই ব্যক্তি কবির আহম্মদ চৌধুরী প্রকাশ। তিনি নারী নির্যাতন মামলার আসামি এবং ফুলগাজীর আমজাদহাট ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার আমজাদহাট এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় ছাগলনাইয়া থানার তিন পুলিশ সদস্য আহত হন।

তাঁরা হলেন- উপপরিদর্শক (এসআই) রাফিদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) দিদার ও কনস্টেবল সুমন। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নারী নির্যাতন মামলায় অভিযুক্ত কবির আহম্মদকে গ্রেপ্তারে ওইদিন রাতে পুলিশের একটি দল তার বাড়িতে যায়। গ্রেপ্তারের সময় আসামির স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে কবির আহম্মদ হাতকড়াসহ পালিয়ে যান।
ওসি নজরুল ইসলাম বলেন, ‘আসামির স্বজনদের হামলায় আমাদের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। কবির আহম্মদকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’
এ বিষয়ে ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরের ৬ অক্টোবর কবির আহম্মদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তার জবাব সন্তোষজনক না হওয়ায় তখনই তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়।’


