
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেটিং অ্যাপ এবং লিভ টুগেদার নিয়ে কড়া মন্তব্য করেছেন। তিনি ডেটিং অ্যাপকে সমাজের ‘নর্দমা’ হিসেবে আখ্যা দিয়েছেন এবং বলেছেন, যারা নিজেদের ওপর ভরসা হারান, তারাই এই ধরনের অ্যাপ ব্যবহার করেন।
কঙ্গনা বলেন, ডেটিং অ্যাপ ব্যবহার করা অত্যন্ত রুচিহীন একটি কাজ। তার মতে, আর্থিক, শারীরিক বা অন্য কোনো প্রয়োজন মেটানোর জন্য এই ধরনের অ্যাপ ব্যবহার করা আধুনিক ডেটিংয়ের এক ভয়াবহ চিত্র। তিনি আরও বলেন, “ভালো মানুষ খুঁজে পাওয়া যায় অফিস, কলেজ বা বাবা-মায়ের মাধ্যমে।”

যারা জীবনে কিছু অর্জন করতে পারেননি এবং ভালো মানুষ খুঁজে পেতে নিজের ওপর আস্থা হারিয়েছেন, তারাই এই ধরনের অ্যাপ ব্যবহার করেন বলে তিনি মন্তব্য করেন। কঙ্গনা ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের সরাসরি ‘হেরো’ বা পরাজিত বলে কটাক্ষ করেন।
লিভ টুগেদার বা একত্রবাসের বিপক্ষে নিজের পুরোনো অবস্থান আবারও তুলে ধরেছেন কঙ্গনা। তিনি মনে করেন, ভারতীয় সংস্কৃতিতে বিবাহের মর্যাদা অটুট রাখা জরুরি। তিনি বলেন, “আমি নির্দ্বিধায় বলতে পারি লিভ-ইন নারীদের জন্য ভালো না।”
হঠাৎ অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বা গর্ভপাতের প্রয়োজন হলে পাশে কে থাকবে, এই প্রশ্ন তুলে তিনি বলেন, “পুরুষরা শিকারি, তারা যেকোনো নারীকে গর্ভবতী করে পালিয়ে যেতে পারে।”


