
আমির হামজা, বানেশ্বর (রাজশাহী) প্রতিনিধি:

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট প্রতিরোধে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অভিযান ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৮ মার্চ) সকাল ১১টার দিকে বানেশ্বর বাজারে এ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন শিবু দাস, পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
অভিযানকালে দুইটি মাংসের দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মাংস বিক্রির অভিযোগ প্রমাণিত হয়। এছাড়াও বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হয়। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে বেশি দামে মাংস বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


