
গভীর রাতে প্রশাসনের অভিযানে পালাল মাটি কাটার সঙ্গে জড়িতরা, টপসয়েল কাটার কাজ বন্ধ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ফসলি জমির উর্বর মাটি (টপসয়েল) কাটা বন্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে কৃষিজমির মাটি কাটায় ব্যবহৃত চারটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে বৃহস্পতিবার রাত দেড়টা পর্যন্ত উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বদোপাড়া ও নান্দিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, দুর্গম এলাকা ও প্রবল বৃষ্টির মধ্যেও অভিযান অব্যাহত রাখা হয়। এ সময় আবাদযোগ্য কৃষিজমির টপসয়েল কাটার কাজে ব্যবহৃত চারটি এস্কেভেটর অকেজো করে দেওয়া হয় এবং চলমান মাটি কাটা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অমান্য করে কৃষিজমির টপসয়েল কাটা কোনোভাবেই সহ্য করা হবে না। একই সঙ্গে যথাযথ অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তনের সুযোগও নেই।
অভিযান সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, “কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়ার ফলে জমির উৎপাদনক্ষমতা হ্রাস পাচ্ছে এবং পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
পুঠিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির টপসয়েল কাটা এবং অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


