
আবুল কালাম আজাদ, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে রাজশাহীর পুঠিয়ায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত পুঠিয়া কাউন্সিল বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।
অভিযানে চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে ব্যবসায়ী সদানন্দ হালদার, পিতা মৃত ব্রজনাথ হালদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁর কাছে থাকা জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, চিংড়িসহ বিভিন্ন খাদ্যপণ্যে জেলি ও অন্যান্য ভেজাল উপাদান ব্যবহার করে বিক্রি করা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের ভেজাল ও অনিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। জনস্বার্থে খাদ্যে ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। বাজারে খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।


