
আমির হামজা, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় হঠাৎ বৃষ্টির পর ইউরিয়া সারের তীব্র সংকটে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। চলতি মৌসুমে পাট, ভুট্টাসহ বিভিন্ন ফসলে দীর্ঘদিন ধরে সারের ঘাটতি থাকলেও, শনিবারের বৃষ্টির পর ইউরিয়া সার না পেয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
কৃষকদের দাবি, বৃষ্টির কারণে জমিতে সারের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় বাজারে ইউরিয়া সার পাওয়া যাচ্ছে না। ফলে সময়মতো সার প্রয়োগ করতে না পেরে পাটসহ বিভিন্ন ফসলের উৎপাদন নিয়ে উদ্বেগে রয়েছেন তারা।
এদিকে অভিযোগ উঠেছে, কিছু অসাধু ব্যবসায়ী দোকানে মজুত থাকা ইউরিয়া সার অতিরিক্ত দামে বিক্রি করছেন। বর্তমানে প্রতি কেজি ইউরিয়া ৩৮ থেকে ৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা, যা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি। এতে সার না পাওয়ার ভোগান্তির পাশাপাশি অতিরিক্ত দামের চাপেও পড়ছেন চাষিরা।
স্থানীয় একাধিক কৃষক জানান, “সার না পেলে ফসলের ক্ষতি হবে। আবার বেশি দামে কিনতে গেলে খরচ বেড়ে যাচ্ছে, এতে লাভের বদলে লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে।”
কৃষকরা দ্রুত সারের সরবরাহ স্বাভাবিক করা এবং বাজার তদারকি জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বিসিআইসি সার ডিলার ওসমান আলী বলেন, সার সংকটের কারণে এমন পরিস্থিতি হয়নি। হঠাৎ বৃষ্টি এবং মাসের শেষ হওয়ায় বরাদ্দ না পাওয়ায় সাময়িক সমস্যা দেখা দিয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে সার সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে, উপসহকারী কৃষি কর্মকর্তা মুনজুর রহমান বলেন, অতিরিক্ত দামে সার বিক্রির বিষয়ে তিনি অবগত নন। তিনি জানান, মাসের শেষ এবং ১ মে শ্রমিক দিবসের ছুটির কারণে সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।


