
পানি সম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে অনুষ্ঠিত কার্যক্রমে তাঁকে কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় রাজশাহীসহ তাঁর নির্বাচনী এলাকায় সন্তোষ প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের প্রত্যাশা, নতুন দায়িত্বে তিনি দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা, নদী সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ ও সেচব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

রাজশাহী অঞ্চল দীর্ঘদিন ধরে পদ্মা নদীর ভাঙন, নদী খনন, পানি সংরক্ষণ এবং সেচসুবিধা সম্প্রসারণসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। স্থানীয়দের আশা, সংসদীয় কমিটির সভাপতি হিসেবে এসব বিষয় জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বলেন, এই দায়িত্ব পাওয়ায় তিনি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলনকে অভিনন্দন জানান। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা এবং নদী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে রাজশাহীর নদীভাঙন, সেচ ও পানি ব্যবস্থাপনা–সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে জাতীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি প্রত্যাশা করেন।
নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন কালবেলাকে জানান, দেশের অর্থনীতি, কৃষি ও পরিবেশের জন্য পানি সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন। নদী রক্ষা, টেকসই পানি ব্যবস্থাপনা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কার্যকর বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার পাশাপাশি রাজশাহীসহ দেশের সব অঞ্চলের মানুষের ন্যায্য পানি-সংক্রান্ত চাহিদা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ দায়িত্বের মাধ্যমে জাতীয় পর্যায়ে রাজশাহীর প্রতিনিধিত্ব আরও জোরালো হলো। পাশাপাশি পানি সম্পদ ব্যবস্থাপনা, নদী সংরক্ষণ ও টেকসই উন্নয়ন–সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর তদারকি ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হয়েছে।


