
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন নির্বাচনের দিন ঘিরে কোনো ধরনের শঙ্কার কারণ নেই। তাঁর ভাষায়, দেশের নির্বাচনী ইতিহাসে এর আগে কখনো এত বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়নি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অতীতের কিছু নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটলেও এবার এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নির্বাচনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আনসার সদস্যরা কেন্দ্রে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সুরক্ষা অ্যাপ চালু হবে। পাশাপাশি নজরদারির জন্য ড্রোন ব্যবস্থাও রাখা হয়েছে। যেসব কেন্দ্রে আগে বাউন্ডারি ওয়াল ছিল না, সেখানে নতুন করে বাউন্ডারি নির্মাণ করা হয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আশা প্রকাশ করে বলেন, এসব ব্যবস্থার মাধ্যমে এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা এবং বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


