
বিনোদন প্রতিবেদক
অভিনেতা, সংগীতশিল্পী, সাংবাদিক—বহুমাত্রিক পরিচয়ে দীর্ঘদিন ধরে দর্শকদের কাছে পরিচিত হাসান মাসুদ। ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর নাটকেও নিয়মিত অভিনয় করেছেন তিনি। ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’ ও ‘খুনসুটি’র মতো নাটকে অভিনয় করে দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেন এই অভিনেতা।

তবে অভিনয়ের জগতে আসার পথটা ছিল অন্য রকম। ক্যামেরার সামনে আসার আগে বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করেছেন হাসান মাসুদ। পরে সাংবাদিকতাও করেছেন। পাশাপাশি সংগীতের প্রতিও ছিল তার আগ্রহ। ২০০৬ সালে প্রকাশিত হয় তার গানের অ্যালবাম। নানা পেশা ও পরিচয়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত অভিনয়কেই নিজের অন্যতম প্রধান পরিচয় করে নেন তিনি।
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে একটা সময় নিয়মিত কাজ করলেও সাম্প্রতিক বছরগুলোতে পর্দায় অনেকটাই অনিয়মিত হাসান মাসুদ। নতুন কাজেও তাকে আগের তুলনায় কম দেখা যাচ্ছে। ফলে দর্শকদের অনেকের মধ্যেই প্রশ্ন—অভিনয় থেকে কি ধীরে ধীরে সরে যাচ্ছেন তিনি?
এই প্রশ্নের সঙ্গে নতুন করে যোগ হয়েছে তার সাম্প্রতিক একটি বক্তব্য। একটি সংবাদমাধ্যমে হাসান মাসুদের বক্তব্যকে কেন্দ্র করে খবর প্রকাশিত হয়, তিনি আপাতত অভিনয় করবেন না এবং হজ পালন করে ধর্মীয় কাজে মনোযোগ দিতে চান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে আলোচনার জন্ম দেয়। কোথাও কোথাও এমন কথাও ছড়িয়ে পড়ে যে, তিনি নাকি চিরতরে অভিনয় থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে হাসান মাসুদ নিজেই জানিয়েছেন, এমন কথা তিনি বলেননি। তার ভাষ্য, ভালো কনটেন্ট না পাওয়ার কারণেই তিনি নিয়মিত অভিনয় করছেন না। অর্থাৎ অভিনয় থেকে স্থায়ীভাবে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন—এমন তথ্য সঠিক নয় বলেই জানিয়েছেন এই অভিনেতা।
এর মধ্যেই নতুন একটি করপোরেট প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন হাসান মাসুদ। প্রতিষ্ঠানটি বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে কাজ করা একটি এডুকেশন কনসালটেন্সি। সেখানে ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে দায়িত্ব নিয়েছেন তিনি। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রচারণামূলক কাজেও তাকে দেখা গেছে।
নতুন কর্মস্থলে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর আবারও প্রশ্ন উঠেছে—তবে কি অভিনয় থেকে দূরে সরে নতুন পেশায় মনোযোগী হচ্ছেন হাসান মাসুদ?
অবশ্য নতুন চাকরিতে যোগ দেওয়া মানেই অভিনয় ছেড়ে দেওয়া—এমন কোনো ঘোষণা দেননি এই অভিনেতা। এর আগেও তিনি অভিনয় থেকে স্থায়ীভাবে সরে যাওয়ার খবর অস্বীকার করেছেন। ফলে তার নতুন পেশাগত পরিচয়ের পাশাপাশি অভিনয় চালিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কয়েক মাস আগে হাসান মাসুদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লেও পরে তিনি বিভিন্ন কাজে যুক্ত হন। হজ পালন শেষে বিজ্ঞাপনেও কাজ করেছেন। সব মিলিয়ে অভিনয়ে তার অনিয়মিত উপস্থিতি এবং নতুন কর্মজীবনকে ঘিরে দর্শকদের কৌতূহল তৈরি হলেও, অভিনয়কে বিদায় জানাচ্ছেন—এমন নিশ্চিত তথ্য এখনো নেই।
দীর্ঘ ক্যারিয়ারে নানা পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা হাসান মাসুদের সামনে এখন নতুন পেশাগত অধ্যায়। তবে দর্শকদের আগ্রহের জায়গাটি আগের মতোই—আবার কবে নিয়মিত পর্দায় দেখা যাবে প্রিয় এই অভিনেতাকে?


