
রাজশাহী নগরীর কাজিহাটা এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বহুতল ভবনের নির্মাণকাজ পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। অভিযোগ উঠেছে, গভীর খননের সময় যথাযথ প্রটেকশন ওয়াল না থাকায় পাশের ভবনগুলো ঝুঁকির মুখে পড়েছে। বুধবার (২০ মে) সকালে আরডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নির্মাণাধীন ভবনটি পরিদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আরডিএ’র অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল তারিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পরিদর্শন শেষে নির্মাণকারী প্রতিষ্ঠান ড্রিম স্মিথ প্রপার্টি প্রাইভেট লিমিটেডকে সাময়িকভাবে নির্মাণকাজ বন্ধ রেখে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রটেকশন ওয়ালের পাশ দিয়ে দ্রুত বালু ভরাটের নির্দেশনা দেয় আরডিএ।
জানা গেছে, গত ১২ মে পার্শ্ববর্তী ভবনের মালিক ডা. মো. হাবিবুল্লাহ আরডিএ এর কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া গভীর খননকাজ পরিচালনার কারণে তার ভবন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে অভিযোগকারী ডা. মো. হাবিবুল্লাহর মেয়ে তামান্না বলেন, ভবনের বেজ খননের শুরু থেকেই কোনো ধরনের নিরাপত্তামূলক প্রটেকশন ওয়াল ছাড়া নির্মাণকাজ চালানো হয়। এ ঘটনায় তার বাবা আদালতে মামলাও দায়ের করেন। পরে নির্মাণকারী প্রতিষ্ঠান ২০ ফুট স্টিল শিট পাইলিংয়ের মাধ্যমে প্রটেকশন ওয়াল নির্মাণ ও ধাপে ধাপে মাটি কাটার আশ্বাস দেয়।
তবে তার দাবি, বাবার হজে যাওয়ার সুযোগে গত ২ মে থেকে মাত্র চার দিনের মধ্যে পুরো জায়গার মাটি একসঙ্গে কেটে ফেলা হয়। এতে খননের সময় তাদের ভবনসহ আশপাশের কয়েকটি ভবনে তীব্র কম্পন সৃষ্টি হয়। পরে প্রটেকশন শিট বসানো হলেও সেটি হেলে পড়ে। ফলে তাদের ভবন এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসময় তিনি ভবনের দেয়াল ও মেঝেতে ফাটল এবং দেবে যাওয়ার বিভিন্ন চিহ্ন উপস্থিত কর্মকর্তাদের সামনে তুলে ধরেন।
আরডিএ’র অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল তারিক বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তে ইন্সপেক্টর পাঠানো হয় এবং তদন্তে অভিযোগের সত্যতা মেলায় নির্মাণকারী প্রতিষ্ঠানকে যথাযথ নিয়ম ও নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করে কাজ পরিচালনার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু নোটিশের পরও প্রতিষ্ঠানটি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করায় জননিরাপত্তা ও পার্শ্ববর্তী ভবনের ঝুঁকির বিষয় বিবেচনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্মাণকাজ বন্ধ করা হয়েছে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও বিধি অনুযায়ী নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে নির্মাণকারী প্রতিষ্ঠান ড্রিম স্মিথ প্রপার্টি প্রাইভেট লিমিটেডের পরিচালক ও রাজশাহী জেলা প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার জামাতা গোলাম দাস্তগির সুমন বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও নির্মাণকাজ পুরোপুরি বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আরডিএ কর্তৃপক্ষ প্রটেকশন ওয়ালের পাশ দিয়ে দ্রুত বালু ভরাটের নির্দেশ দিয়েছে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত কাজ শেষ করা হবে এবং কাজের অগ্রগতির ছবি ও প্রয়োজনীয় তথ্য আরডিএ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলেও জানান তিনি।
স্থানীয়দের দাবি, আবাসিক এলাকায় বহুতল ভবন নির্মাণে নিরাপত্তা বিধি কঠোরভাবে নিশ্চিত না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই এ ধরনের নির্মাণকাজে নিয়মিত তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।


