
রাজশাহীতে মাস্টার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ কমিশনার ফয়েজুল কবির
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। রোববার (১১ অক্টোবর) সকাল ৮টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সালামি ও অভিবাদন গ্রহণ শেষে তিনি এসব নির্দেশনা দেন।
প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন বোয়ালিয়া অপরাধ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসিদ ফরহাদ।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ কমিশনার পুলিশ সদস্যদের টার্নআউট, শৃঙ্খলা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি মোটরযান শাখা, লজিস্টিকস শাখা ও অস্ত্রাগারও পরিদর্শন করেন।
পুলিশ কমিশনার বলেন, মাস্টার প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাই করা হয়। পাশাপাশি কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত ও কর্মজীবনে নীতি-নৈতিকতা বজায় রাখা এবং লোভ-লালসা পরিহার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও সতর্ক করে বলেন, কোনো পুলিশ সদস্য আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত হলে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিকভাবে সক্ষম থাকার পাশাপাশি দক্ষতা ও পেশাদারিত্বের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করতে হবে।
সাধারণ মানুষের সঙ্গে উত্তম আচরণ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের মাধ্যমে জনগণের আস্থা, শ্রদ্ধা ও ভালোবাসা অর্জনের আহ্বান জানান পুলিশ কমিশনার। জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠায় প্রতিটি সদস্যকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনাও দেন তিনি।
মাস্টার প্যারেডে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), উপ-পুলিশ কমিশনার (সদর) ও উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)-এর দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি, বিভিন্ন জোনের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনাররা উপস্থিত ছিলেন। এ ছাড়া আরএমপির বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্য প্যারেডে অংশগ্রহণ করেন।



