
সারদায় ৪২তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৫ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, থানায় সেবা নিতে এসে কোনো মানুষ যেন পুলিশের আচরণে কষ্ট না পান। জনগণের সেবক হিসেবে সততা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এ কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন এবং শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে আইজিপি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা বাংলাদেশ পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে প্রতিটি পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধের সর্বোচ্চ পরিচয় দিতে হবে।
তিনি বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং জনসেবার মানোন্নয়নে পুলিশ সদস্যদের আরও দক্ষ, জনবান্ধব ও সেবামুখী হতে হবে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমেই বাংলাদেশ পুলিশকে একটি আধুনিক ও স্মার্ট বাহিনীতে পরিণত করা সম্ভব।
নবীন কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি আরও বলেন, “আপনারা জনগণের সেবক। সেই পরিচয় ধারণ করেই দায়িত্ব পালন করবেন। থানায় সেবা নিতে আসা কোনো মানুষ যেন আপনাদের আচরণে কষ্ট না পান।”
সমাপনী কুচকাওয়াজে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৫ ব্যাচের মোট ৫০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এর মধ্যে ১৯ জন নারী এবং ৪৮১ জন পুরুষ। পরে নবীন এসআইদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ শেষে মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শনের মাধ্যমে প্রশিক্ষণ পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল ও অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, ভাইস প্রিন্সিপাল বাসুদেব বণিক (এনডিসি), পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (লজিস্টিক) শুভ কুমার ঘোষসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীদের অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


