
তুরস্ক সফর ও সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১১ অক্টোবর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মো. সেলিম উদ্দিনসহ দলের নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নিতে ঢাকা ত্যাগ করেন ডা. শফিকুর রহমান।
সফরকালে ৮ অক্টোবর তুরস্কের পার্লামেন্টের স্পিকার অধ্যাপক ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় তুরস্কের পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে ৯ অক্টোবর ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত আমির। সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে বাংলাদেশের চলমান সংস্কারপ্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং বাংলাদেশ-তুরস্কের দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশবিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের ঐতিহ্যের ওপর প্রতিষ্ঠিত। ভবিষ্যতে এ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করেন ডা. শফিকুর রহমান। এরপর রোববার সকালে দেশে ফেরেন তিনি।


