
চলতি গ্রীষ্মকালে ইউরোপজুড়ে শুরু হওয়া তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। এই অসহনীয় গরমে বেলজিয়ামে মাত্র ১৫ দিনে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত জুন মাসের শেষ দিক থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত এই বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটে।
বেলজিয়ামের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘সিয়েনসানো’ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ১৫ দিনে হিটস্ট্রোক ও প্রচণ্ড তাপজনিত শারীরিক জটিলতায় বেলজিয়ামে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিবৃতি অনুযায়ী, তাপপ্রবাহে সবচেয়ে বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়াতে। এরপরই মৃত্যুর তালিকায় যথাক্রমে রয়েছে রাজধানী ব্রাসেলস এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ ফ্ল্যান্ডার্স।
সিয়েনসানো জানিয়েছে, ২০০০ সাল থেকে তারা দেশে তাপপ্রবাহজনিত মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। গত ২৪ বছরের রেকর্ডে এ বছরই প্রথম প্রচণ্ড গরমের কারণে এত বেশি সংখ্যক মানুষের মৃত্যু হলো। এর আগে দেশটিতে ২০২০ সালে গ্রীষ্মকালীন তাপপ্রবাহে সর্বোচ্চ ১ হাজার ৫৫৭ জনের প্রাণহানি হয়েছিল।
ইউরোপের অন্যান্য দেশেও এই তাপপ্রবাহের প্রভাবে জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের চরম আবহাওয়া ও প্রাণহানির ঝুঁকি ক্রমেই বাড়ছে।
সূত্র: এএফপি ও আনাদোলু এজেন্সি


