
মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়নে উঠে এসেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক সক্ষমতা প্রত্যাশার চেয়েও দ্রুত পুনর্গঠন করছে ইরান। বিশেষ করে চলতি বছরের এপ্রিলে শুরু হওয়া ছয় সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই দেশটি আংশিকভাবে ড্রোন উৎপাদন পুনরায় চালু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চার এবং গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন অবকাঠামো পুনর্গঠনের কাজ দ্রুত এগোচ্ছে। চারটি পৃথক সূত্র জানিয়েছে, ইরানের সামরিক বাহিনীকে পুনরায় কার্যকর অবস্থায় ফিরিয়ে আনার গতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক ধারণাকেও ছাড়িয়ে গেছে।

একজন মার্কিন কর্মকর্তা বলেন, ইরান পুনর্গঠনের ক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলোর নির্ধারিত সব সময়সীমাকেই অতিক্রম করেছে।
গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, ইরান মাত্র ছয় মাসের মধ্যেই পূর্ণমাত্রায় ড্রোন হামলার সক্ষমতা পুনরুদ্ধার করতে পারে। এতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো নতুন করে উদ্বেগে পড়েছে। কারণ, ভবিষ্যতে যুদ্ধ আবার শুরু হলে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র সক্ষমতার ঘাটতি পূরণে ইরান আরো বেশি ড্রোন ব্যবহার করতে পারে।


