
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার কথা জানান তানজিন তিশা। দুর্ঘটনার কারণে মানিকগঞ্জের নির্ধারিত অনুষ্ঠান বাতিল করে ঢাকায় ফিরে আসতে হয় তাঁকে।
তানজিন তিশার ভাষ্য অনুযায়ী, মানিকগঞ্জে যাওয়ার পথে তাঁর গাড়িটি ডাম্প ট্রাকের ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিজের কষ্টার্জিত অর্থে কেনা প্রিয় গাড়িটির ক্ষতিতে কষ্ট পেলেও প্রাণে বেঁচে যাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে অভিনেত্রী লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সঙ্গে, ইনশাআল্লাহ।’
দুর্ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে তানজিন তিশা আরও লেখেন, ‘গত রাতটি আমি ভুলতে পারব না। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ডাম্প ট্রাক আমার গাড়িটি দুমড়েমুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়। তারপরও আলহামদুলিল্লাহ!’
নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, শরীরে কিছু আঘাত পেয়েছেন, তবে এখন ভালো আছেন। এ জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা এবং দোয়ার জন্য ধন্যবাদ জানান তিনি।
জানা গেছে, মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে ‘রয়েল ফ্যাশন’ নামের একটি পোশাকের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তানজিন তিশার। তাঁকে ঘিরে অনুষ্ঠানস্থলে আয়োজকদের প্রস্তুতি ছিল। প্রিয় অভিনেত্রীকে একনজর দেখতে ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছিল।
তবে পথে দুর্ঘটনার কারণে শেষ পর্যন্ত অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি। তাঁর যাত্রা বাতিল হওয়ায় নির্ধারিত কর্মসূচিও স্থগিত করা হয়।
দুর্ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত ও অনুরাগীরা তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে থাকেন। পরে নিজের পোস্টের মাধ্যমে সুস্থ থাকার কথা জানিয়ে তাঁদের উদ্বেগ কমানোর চেষ্টা করেন অভিনেত্রী।
ছোট পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর সরব উপস্থিতি রয়েছে।


