
চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা শাখার উদ্যোগে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় চারঘাট পল্লী বিদ্যুৎ সেন্টার মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে চারঘাট বাজার প্রদক্ষিণ করে উপজেলা গেট এলাকায় গিয়ে শেষ হয়। আয়োজকদের দাবি, এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তরিকুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি মো. গোলাম মর্তুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. কামরুজ্জামান, জেলা যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক আইয়ুব আলী, জেলা কর্মপরিষদ সদস্য মো. শোয়েব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. শফিকুল এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুফেল রানা।
এছাড়াও উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদের সদস্য, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের আমীর, সভাপতি, সেক্রেটারি, জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, অতীতের বিভিন্ন জাতীয় নির্বাচন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালনায় অনিয়ম ও দলীয়করণের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা ও কল্যাণ কামনা করেন।
সমাবেশে বক্তারা অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান।



