
জুলাই দিবস উপলক্ষে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের যোদ্ধা ও রাজশাহীর কৃতি সন্তান শহীদ আলী রায়হানের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা মনজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মইনুল ইসলাম ও মাওলানা আহমাদ উল্লাহ। এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের সহযোদ্ধা, শহীদের পরিবারের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল খালেক শহীদ আলী রায়হানের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে শহীদের আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সরকার যেন স্বৈরাচারী বা ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি না করে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ আলী রায়হান দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন, তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আদর্শ ধারণ করে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তারা।
আলোচনা শেষে শহীদ আলী রায়হানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতি এবং সকল শহীদের আত্মার শান্তি কামনা করা হয়।


