
(স্টাফ রিপোর্টার) :জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীর দুর্গাপুরে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখা।শনিবার (১ আগস্ট) বিকেল ৫ ঘটিকায় দুর্গাপুর পৌর সদর এলাকার ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে দলটির নেতাকর্মীরা একটি গণমিছিল বের করেন। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা জিয়াচত্বর মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে দুর্গাপুর উপজেলা জামায়াতের আমির মাস্টার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকর করা এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তিনি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ও জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শামিম আহমেদ, নায়েবে আমির অধ্যক্ষ ফজলুল বারী সোহরাব এবং সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম।দেলুয়াবাড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি জিয়াউর রহমান, জয়নগর ইউনিয়ন জামায়াতের সভাপতি এজাজুল হক মাস্টারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হলে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন, জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন এবং গণহত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


