
নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করতে সরকারকে বাধ্য করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বুধবার (৫ আগস্ট) বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত মিছিল ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণে যদি আমরা ব্যর্থ হই, তাহলে জুলাইয়ের শহীদদের কাছে আমরা অপরাধী হয়ে যাব। তাদের পরিবারের কাছে আমরা কী জবাব দেব? তাদের আত্মত্যাগ কি বৃথা হয়ে যাবে?”
তিনি বলেন, “না, আমরা শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না। জুলাইয়ের প্রত্যাশা পূরণে সরকারকে বাধ্য করা হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচার নিশ্চিত করতে আমরা জনগণকে সঙ্গে নিয়ে কাজ করব।”
বিকেল ৫টার দিকে নগরীর শহীদ মিনার থেকে জামায়াতের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণকপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. কেরামত আলী এমপির সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল খালেক ও সেক্রেটারি গোলাম মোর্তজা।
এ ছাড়া উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরের সভাপতি এ কে এম সরওয়ার জাহান প্রিন্স, ত্রাণবিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান এবং এনসিপির রাজশাহী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলীসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।



