
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামায়াতে ইসলামী। তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না; তারা চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন যে জামায়াত হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে। তবে তিনি সবাইকে নির্ভয় ও সাহসের সঙ্গে চলার আহ্বান জানান।
ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের এ প্রার্থী বলেন, দেশে এখন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে।


