
রাজশাহীর চারঘাট উপজেলার ৬ নম্বর ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
শনিবার অনুষ্ঠিত এ কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল।

সভায় সভাপতিত্ব করেন ৬ নম্বর ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভায়ালক্ষীপুর ইউনিয়ন যুবদলের নেতা সোহানুর রহমান আন্দোলন।
এ সময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহমদ হাসান মাসুউদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, চারঘাট উপজেলা জাসাসের সভাপতি আব্দুল গফুর সরকার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জালাল উদ্দিনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তারা।
কর্মীসভায় ভায়ালক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


