
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হোসেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাসহ এক বছরের জন্য নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে অধ্যাপক ড. মো. কামরুল হোসেনকে প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, সদ্য বিদায়ী প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক কামরুল হোসেন বলেন, ‘এতদিন সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছি। বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা রক্ষা, বিশ্ববিদ্যালয়কে সবসময় সচল রাখা এবং পড়ালেখার পরিবেশ সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে কাজ করে যাব।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, নতুন প্রক্টরের নেতৃত্বে ক্যাম্পাসের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ আরও কার্যকরভাবে পরিচালিত হবে।


