
ছাদে সোলার প্যানেল বসালে ১০ টাকা ইউনিট দরে বিদ্যুৎ কিনবে সরকার
বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। আগামী বছরের গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে মোট ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে ব্যক্তি পর্যায়ে সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহীতে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।
সভায় মন্ত্রী বলেন, গত আট মাসে দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। যুদ্ধের কারণে বিশ্বজুড়েই বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রকট হয়েছে। দেশের বর্তমান সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো ছাড়া কার্যকর বিকল্প নেই।
তিনি বলেন, আগামী বছরের গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সরকারের লক্ষ্য। এ লক্ষ্য অর্জন করা গেলে বিদ্যুৎ সংকট মোকাবিলার পাশাপাশি কৃষি অর্থনীতির উন্নয়নও অব্যাহত রাখা সম্ভব হবে।
বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনে সবাইকে উৎসাহিত করে মন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ব্যক্তি পর্যায় থেকেও এগিয়ে আসতে হবে। ব্যক্তিগত উদ্যোগে সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনে নেবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, স্থানীয় সংসদ সদস্য এবং রাজশাহী জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা অংশ নেন।
রাজশাহীর কর্মসূচি শেষে বৃহস্পতিবার বিকেল ৩টায় নাটোরে একই ধরনের আরেকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর।


