
নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ গাজীপুর মহানগরের ভারারুল এলাকায় কয়েকটি হিন্দু পরিবারের বসতভিটা দখল ও উচ্ছেদের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। জমি নিয়ে বিরোধের জেরে মারধর, ভয়ভীতি দেখানো এবং হত্যার হুমকি দেয়ার অভিযোগ করেছেন কয়েকটি ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ ঘটনায় থানায় অভিযোগের পাশাপাশি আদালতেও মামলা করেছেন তাঁরা।
রবিবার সকাল ১১টার দিকে গাজীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে তাঁরা দাবি করেন, নিরাপত্তাহীনতায় স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না তাঁরা।

ভুক্তভোগী পরিবারের সদস্য গোপাল চন্দ্র রায়ের অভিযোগ, ভারারুল এলাকায় তাঁদের পৈতৃক ও ভোগদখলীয় জমি রয়েছে। পরিবারের দাবি, জমির একটি অংশ সরকার অধিগ্রহণ করায় ক্ষতিপূরণের টাকা নিয়ে বিরোধের সূত্রপাত। ওই টাকা তাঁদের কাছ থেকে দাবি করা হচ্ছে এবং তা না দিলে জমি থেকে উচ্ছেদসহ নানা ধরনের হুমকি দেয়া হচ্ছে।
গোপাল চন্দ্র রায় অভিযোগ করে আরো বলেন- আসকর আলী, মনির হোসেন ও রেদোয়ান আহমেদ রিজওয়ানসহ গত ১৩ জুলাই ২০২৬ সকালে কয়েকজন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তাঁদের জমিতে প্রবেশ করেন। এ সময় পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার, গালিগালাজ ও ভয়ভীতি দেখানো হয়েছে। প্রতিবাদ করলে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তাঁর। এমনকি বসতভিটা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে দাবি পরিবারের সদস্যদের।
মানববন্ধনে ভুক্তভোগীদের অভিযোগ করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল। পরে তাঁরা জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আবারও হুমকি দিচ্ছেন বলে দাবি পরিবারের।


