
পবিত্র ঈদুল আজহা কেন্দ্রিক যাতায়াতে দেশের সড়কগুলোতে ঝরেছে শত শত প্রাণ। গত ১৩ দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৮৩৭ জন। বৃহস্পতিবার (৪ জুন) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশে মোট ২৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। মোট দুর্ঘটনার প্রায় অর্ধেকই ছিল মোটরসাইকেল কেন্দ্রিক (১৪১টি), যাতে প্রাণ হারিয়েছেন ১২৪ জন। এছাড়া দুর্ঘটনায় ৩৭ জন পথচারী এবং ৩৩ জন চালক ও সহকারী নিহত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, কেবল সড়কপথ নয়, রেল ও নৌপথেও ছিল দুর্ঘটনার মিছিল। আলোচিত সময়ে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২২টি রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন এবং আহত হয়েছেন ৯ জন।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ৫০৭টি যানবাহন। এর মধ্যে রয়েছে ১৫৭টি মোটরসাইকেল, ৯৩টি থ্রি-হুইলার (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা), ৭৯টি বাস, ৬১টি ট্রাক এবং ২৪টি পিকআপ। তালিকায় এমনকি ফায়ার ব্রিগেডের গাড়ি এবং গ্যাসবাহী লরির মতো জরুরি সেবার যানবাহনও রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, অদক্ষ চালক এবং মহাসড়কে ছোট যানবাহনের আধিক্যই এই বিপুল প্রাণহানির প্রধান কারণ। প্রতি বছর ঈদের আনন্দকে ম্লান করে দেওয়া এই মৃত্যুর মিছিল থামাতে সড়কে কঠোর নজরদারি ও শৃঙ্খলা নিশ্চিতের ওপর জোর দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।


