
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট মহিলা কলেজে নির্মাণাধীন চারতলা একাডেমিক ভবনের প্রথমতলার ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার(৫ জানুয়ারি) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশরহাট মহিলা কলেজের অধ্যক্ষ তাজরুল ইসলাম, কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
এ সময় ইউএনও ফাহিমা বিনতে আখতার বলেন, নারী শিক্ষার উন্নয়নে অবকাঠামোগত সুযোগ-সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেশরহাট মহিলা কলেজের এই নতুন ভবন নির্মাণ সম্পন্ন হলে শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা পরিবেশ পাবে।
কলেজের অধ্যক্ষ তাজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে একটি আধুনিক একাডেমিক ভবনের প্রয়োজন ছিল। প্রথমতলার ছাদ ঢালাইয়ের মাধ্যমে নির্মাণকাজে দৃশ্যমান অগ্রগতি হওয়ায় আমরা সবাই আনন্দিত। দ্রুত ভবনটি সম্পন্ন হলে পাঠদান কার্যক্রম আরও সুচারুভাবে পরিচালনা করা সম্ভব হবে।
দীর্ঘদিনের প্রতীক্ষিত ভবনটির নির্মাণকাজে গতি আসায় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই ভবনটির নির্মাণ সম্পন্ন হলে কলেজের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।


