
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষ পরস্পরকে হামলার জন্য দায়ী করেছে।
জাতীয় পার্টির নেতা-কর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের একটি মিছিল তাদের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় হামলা করে। অন্যদিকে, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “আওয়ামী লীগের দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আমাদের বিক্ষোভ সমাবেশ ছিল। মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার কার্যালয়ের সামনে থেকে আমাদের ওপর পেছন থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।” তিনি দাবি করেন, এই হামলায় জাতীয় পার্টি ছাড়াও আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা জড়িত ছিল।

গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ জানান, এই সংঘর্ষে তাদের অন্তত ১০ থেকে ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন এবং তাদের অনেককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।


