
ভারতে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (এসআইআর) বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবিতে বিক্ষোভ করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ ইন্ডিয়া জোটের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করতে যাওয়ার পথে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের দাবি, কর্মসূচির জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। পরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ নেতারা রাস্তায় বসে প্রতিবাদ করেন। একপর্যায়ে প্রিয়াঙ্কা গান্ধী রাস্তায় শুয়ে পড়ে বলেন, সংসদ সদস্যদের সঙ্গে এ ধরনের আচরণ নজিরবিহীন।

কংগ্রেসের অভিযোগ, পুলিশ বিক্ষোভকারীদের ধাক্কা দিয়ে বাসে তোলে। পরে দলীয় কর্মীরা একটি বাসের টায়ার ফুটো করে দেন। এর আগে মঙ্গলবারও নির্বাচন কমিশনের সদর দপ্তরে যেতে বাধা দেওয়ায় বিরোধী নেতাদের আটক করা হয়েছিল।
দিনভর বিক্ষোভ ও আটকের পর রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে ইন্ডিয়া জোটের নেতারা বৈঠক করেন। বৈঠকে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে ‘ভোট চুরি’র অভিযোগ আরও জোরালোভাবে জনসমক্ষে তুলে ধরা এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয়।


