
কিলিয়ান এমবাপ্পের চার গোলের পরেও অলিম্পিয়াকোসের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৪-৩ গোলে জিতেছে জাভি আলোনসোর দল।
আগের তিন ম্যাচে জয়হীন রিয়াল মাদ্রিদ জয় ক্ষরা কাটাতে গ্রিসের কারাইসকাকিস স্টেডিয়ামে খেলতে নামে। শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে আলোনসোর শিষ্যরা। তবে স্রোতের বিপরীতে গিয়ে চিকিনিয়োর গোলে এগিয়ে যায় অলিম্পিয়াকোস। ২২তম মিনিটে পাল্টা আক্রমণে দলকে সমতায় ফেরান এমবাপ্পে। এরপর পাঁচ মিনিটের ব্যবধানে আরও দুবার জালে বল জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক।

দ্বিতীয়ার্ধে ব্যবধান কমিয়ে লড়াইয়ে নতুন করে নাটকীয়তা ফেরান মেহদি তারেমি। হেডে গোলটি করেন ইরানের ফরোয়ার্ড। ৫৯তম মিনিটে চতুর্থ গোলটি করে দলকে জয়ের পথে এগিয়ে যান ফরাসি তারকা এমবাপ্পে। শেষ দিকে অলিম্পিয়াকোস চাপ বাড়ালেও আর হয়নি শেষ রক্ষা। ঘাম ঝড়ানো জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে পাঁচে উঠেছে জাবি আলোনসোর রিয়াল। আসরে এখন পর্যন্ত জয়ের স্বাদ না পাওয়া অলিম্পিয়াকোস আছে টেবিলের ৩৩ নম্বরে।
পিএসজি-টটেনহ্যামঃ
টটেনহ্যামের বিপক্ষে পিছিয়ে থেকেও দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে পিএসজি পেয়েছে দাপুটে জয়। ঘরের মাঠে ৫-৩ গোলের এই জয়ে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা।
পিএসজি ও টটনহ্যামের ম্যাচে প্রথম মিনিট থেকেই পজেশন রেখে আক্রমণের চেষ্টা করতে থাকে পিএসজি। ৩৫ মিনিটে প্রথম প্রচেষ্টাতেই টটেনহ্যামকে এগিয়ে নেন রিচার্লিসন। ১০ মিনিট পর দর্শনীয় গোলে সমতা টানেন ভিতিনিয়া। ১-১ সমতায় বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে মুয়ানির গোলে টটেনহ্যাম এগিয়ে গেলেও তিন মিনিট পরই পিএসজিকে সমতায় ফেরান ভিতিনিয়া। এরপর অল্প সময়ে আরও দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিএসজি। ৭২তম মিনিটে কোলো মুয়ানির দ্বিতীয় গোলে লড়াইয়ে অল্প সময়ের জন্য হলেও নতুন নাটকীয়তার সম্ভাবনা জাগে। কিন্তু চার মিনিট পরই সফল স্পটকিকে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন ভিতিনিয়া।
রোমাঞ্চকর এই জয়ে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে পিএসজি। ৮ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে নেমে গেছে স্পার্সরা।


