
আমির হামজা, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর চারঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডাকরা ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। ডাকরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইন্দাদুল হক, ডাকরা ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমান, ভায়ালক্ষীপুর ইউনিয়ন যুবদল নেতা মো. সোহানুর রহমান আন্দোলন এবং ডাকরা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. মেহেদী হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় সুধীজন, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। শুধু ভালো ফলাফল নয়, জ্ঞান ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হতে হবে।”
তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সততা, পরিশ্রম ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুরুত্ব, শিক্ষার মানোন্নয়ন এবং নৈতিক শিক্ষার মাধ্যমে আদর্শ জাতি গঠনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডাকরা ডিগ্রি কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা ও কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


