
দেশজুড়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা। উত্তরাঞ্চলের জেলা রাজশাহীতেও পড়তে শুরু করেছে হালকা শীতের ছোঁয়া। রোববার (৯ নভেম্বর) দেশের আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, সোমবার (১০ নভেম্বর) রাতেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, সোমবার (১০ নভেম্বর) রাত থেকে আগামী শনিবার (১৫ নভেম্বর) পর্যন্ত পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, জামালপুরসহ পার্শ্ববর্তী জেলাগুলোর রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।
একই সময়ে দেশের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। তবে দিনে সূর্যের উপস্থিতি এবং হালকা রোদের কারণে তাপমাত্রা ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ফলে দিনে শীত তেমন অনুভূত না হলেও রাতে হালকা শীতের দাপট টের পাওয়া যাবে।
আবহাওয়া অধিদফতরের ১২০ ঘণ্টার পূর্বাভাসেও আগামী কয়েকদিন তাপমাত্রা কমে যাওয়ার কথা জানানো হয়েছে। উত্তরাঞ্চলে বিশেষ করে রাজশাহী ও আশপাশের জেলাগুলোতে এ সময়টিতে সকাল ও রাতে কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।


