
ইসরায়েলে আটক ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। শুক্রবার ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) কমিটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের নৌযানগুলো এবং ক্রু ও অভিযাত্রীদের আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন।

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উপকূলের দিকে যাত্রা শুরু করেছিল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের অন্তর্ভুক্ত ৪৩টি নৌযান। সুইডেনের নাগরিক এবং আন্তর্জাতিক পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ মান্ডলা ম্যান্ডেলাসহ ৪৪টি দেশের ৫০০ জন নাগরিক এই মিশনে ছিলেন। এই নাগরিকদের মধ্যে পার্লামেন্টারিয়ান, আইনজীবী, রাজনৈতিক আন্দোলনকর্মী এবং স্বেচ্ছাসেবী রয়েছেন।
তবে, গাজার জলসীমার কাছাকাছি পৌঁছানোর পরপরই একটি ব্যতীত সবগুলো নৌযান ইসরায়েলের নৌবাহিনী আটক করে। নৌযান, ক্রু এবং আরোহীদের ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়।
গত বুধবার রাতে প্রথমে ১৩টি নৌযান আটক করে ইসরায়েলের নৌবাহিনী। এরপরও বাকি ৩০টি নৌযান গাজার উদ্দেশে এগিয়ে যাচ্ছিল। পরের দিন বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত একে একে ২৯টি নৌযান আটক করা হয়। সর্বশেষ নৌযানটিকে আজ শুক্রবার সকালে আটক করা হয়েছে।
এফএফসির বিবৃতিতে আরও বলা হয়েছে, বুধবার যেদিন অভিযাত্রীদের আটক করা শুরু হয়, সেদিনই তারা অনশনের সিদ্ধান্ত নিয়েছিলেন।


